খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা ও জজ আয়েশা আক্তার সুমি এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আজাদ মিয়া জানান।
দণ্ডিতরা হলেন-উপজেলার চর শিবপুরের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৯), বাহেরচরের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (৩২) ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩০)। রায় ঘোষণার সময় রিপন ও কাজল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে আজাদ মিয়া বলেন, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর বাঞ্ছারামপুর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে একই উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফল ব্যবসায়ী সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। একদিন আগ থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সাইদুরের ভগ্নীপতি লোকমান মিয়া বাদী হয়ে একই বছরের ১ অক্টোবর রাসেল মিয়াকে আসামি করে মামলা করেন। এরপর থেকে রাসেল রাসেল মিয়া পলাতক।
পরে পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি রিপন মিয়া ও কাজল মিয়ার সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করে। ২০২০ সালে ১৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে দুই আসামি রিপন ও কাজল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন সামী বলেন, উচ্চ আদালতে আপিল করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য