ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঈদে মিলাদুন্নবী: ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে নাঈম ও মাজেদুল হাসানের নেতৃত্বে একটি জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে এলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাঁধা দিয়ে কামাল নামে এক ব্যক্তিকে মারধর করে।

এরই জের ধরে আজ সকালে সাটিরপাড়া, ইছাপুরা ও খাদরাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এসময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নুরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চালায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।