শেষ হলো ২ যুগের প্রবাস জীবনের দুর্ঘটনায় প্রাণ গেলো বাদলের,সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দিদার ওরফে বাদল (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় বাদ মাগরিব দেশটির রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

শেষ হলো ২ যুগের প্রবাস জীবনের দুর্ঘটনায় প্রাণ গেলো বাদলের
বাদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উত্তর জগৎসার গ্রামের হাজি আশিদ মিয়ার ছেলে।
বাদলের ছোট ভাই ফজলে রাব্বি বলেন, রোববার সকালে প্রাইভেটকারে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় সৌদি জার্মান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। এর মাঝে সন্ধ্যায় খবর আসে তিনি মারা গেছেন।
তিনি বলেন, আমরা সাত ভাইয়ের মধ্যে বাদল ছিলেন তৃতীয়। বাদলসহ আমার চার ভাই সৌদি আরব প্রবাসী। বাদল প্রায় ২৪ বছর ধরে সৌদিতে আছেন। ছুটি পেলে তিন/চার বছর পর পর দেশে আসতেন। সেখানে তিনি চারটি মাদরাসার সুপারভাইজারের দায়িত্ব পালন করছিলেন। ২০ রোজায় মাদরাসাগুলো ছুটি হয়ে যাবে। এরপর তার দেশে আসার কথা ছিল।
ফজলে রাব্বি আরও বলেন, সৌদি আরবে হাসপাতালে মরদেহের পাশে আমার বাকি ভাইয়েরা আছেন। বাদল তিন ছেলের জনক। সবশেষ চার বছর আগে তিনি দেশে এসেছিলেন। সবাই প্রতীক্ষায় ছিলেন বাদল দেশে ফিরবেন। অবশেষে তার মৃত্যুর মাধ্যমে দীর্ঘ দুই যুগের প্রবাস জীবনের সমাপ্তি ঘটলো।

১ thought on “শেষ হলো ২ যুগের প্রবাস জীবনের দুর্ঘটনায় প্রাণ গেলো বাদলের”