ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা
সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। এতে বক্তব্য রাখেন অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আলী আহমেদ আরাফ, হামজা মাহমুদ, আতিক মুন্সী, খালিদ হাসান, মো. মহিউদ্দিন, জিয়া উদ্দিন আয়ান ও মোহাম্মদ ইব্রাহিম, শহীদ সাকিব আনজুমের শ্বশুর শাহজাহান মোল্লা ও শহীদ তানজিল মাহমুদ সুজয়ের বোন ইসরাত জাহান।

সভায় সমন্বয়করা বলেন, ‘আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তাদের ওপর আমাদের আস্থা রাখতে হবে। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো বিভেদ নাই, আমাদের একটাই দল- মানুষের দল। একটা সমতা ভিত্তিক সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আরও আন্দোলন করতে হলে আমরা আরও আন্দোলন করব।’
সভায় বক্তারা আরও বলেন, ‘আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, তারপর দেশে ক্ষমতা হস্তান্তর হবে। নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন জনগণের ম্যান্ডেট। যারা দেশে চাদাবাজি অরাজকতা করবে তাদের আপনারা জায়গা দেবেন না। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। রাষ্ট্রের সংস্কারের জন্য আমাদের কাজ করতে হবে। ফ্যাসিস্ট সরকারের এই সিস্টেম বদলাতে হবে।’